রাজনীতি
ছাত্রদলের নতুন কমিটি প্রায় চূড়ান্ত, আলোচনায় যারা
জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি যেকোনো সময় ঘোষণা হতে পারে। কমিটি গঠনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে থাকায় শেষ মুহূর্তে পদপ্রত্যাশীদের লবিং-তদবিরও বেড়েছে। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কাছে নিজেদের সাংগঠনিক কর্মকাণ্ড, আন্দোলনে ভূমিকা ও রাজনৈতিক অবস্থান তুলে ধরছেন তারা।
একই সঙ্গে নতুন নেতৃত্বের অপেক্ষায় রয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি নিয়েও চলছে ব্যাপক আলোচনা।
দলীয় সূত্রের দাবি, এবারের কমিটিতেও নবীন-প্রবীণের সমন্বয় থাকতে পারে। আন্দোলনে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তিকে নেতৃত্ব বাছাইয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই তিন শীর্ষ পদ ঘিরেই সবচেয়ে বেশি আলোচনা চলছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছেন আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, আমান উল্লাহ আমান, খোরশেদ আলম সোহেল, কাজী জিয়া উদ্দিন বাসেত, এজাজুল কবির রুয়েল, এইচ এম আবু জাফর, আবিদুল ইসলাম খান আবিদ, শেখ তানভীর বারী হামিম, সালেহ মো. আদনান, মঞ্জুরুল আলম রিয়াদ, রিয়াদ রহমান, শরীফ প্রধান শুভ, ফারুক হোসেন, মমিনুল ইসলাম জিসান, ডা. তৌহিদুর রহমান আউয়াল, তরিকুল ইসলাম তারিক, আনিসুর রহমান খন্দকার অনিক, রাজু আহমেদ ও মিনহাজ আহমেদ প্রিন্সসহ আরও কয়েকজন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্বেও আলোচনায় রয়েছেন বর্তমান সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। পাশাপাশি গাজী সাদ্দাম হোসেন, ইব্রাহিম খলিল, মাসুদুর রহমান মাসুদ, তারেক হাসান মামুন, নাছির উদ্দীন শাওন ও জাহিদ হাসান শাকিলের নামও সম্ভাব্যদের তালিকায় রয়েছে।
আমান, আবিদ ও হামিমকে ঘিরে আলোচনা
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা বেশি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য সচিব। সমর্থকদের দাবি, মাঠপর্যায়ের রাজনীতি, দীর্ঘদিনের ত্যাগ এবং আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে শীর্ষ পদে তার অবস্থান শক্তিশালী।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান আবিদও আলোচনায় রয়েছেন। ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে ভিপি প্রার্থী হয়ে তিনি ৫ হাজার ৭০৮ ভোট পেয়ে দ্বিতীয় হন। জুলাই গণঅভ্যুত্থানেও তার সক্রিয় ভূমিকা ছিল বলে সমর্থকদের দাবি।
আবিদের প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমের নামও নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদে আলোচনায় রয়েছে। শিক্ষার্থীদের বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ততা এবং জুলাইয়ের আন্দোলনে ভূমিকার কারণে তিনি সমর্থকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন বলে দাবি করা হচ্ছে।
এক-দুই দিনের মধ্যেই ঘোষণা?
গত বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ নেতা। এরপর থেকেই নতুন কমিটি ঘোষণার সম্ভাবনা আরও জোরালো হয়েছে।
দলীয় সূত্রের দাবি, এক-দুই দিনের মধ্যেই নতুন কমিটি ঘোষণা হতে পারে। শুরুতে ‘সুপার ফাইভ’ বা ‘সুপার সেভেন’ আকারে আংশিক কমিটি ঘোষণা করে পরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হতে পারে।
২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটির সভাপতি হন রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক হন নাছির উদ্দিন নাছির। একই সময়ে আবু আফসান মো. ইয়াহিয়া সিনিয়র সহসভাপতি, শ্যামল মালুম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমান উল্লাহ আমান সাংগঠনিক সম্পাদক হন। পরে ১৫ জুন ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
খসড়া গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংসদের মেয়াদ দুই বছর। সে হিসাবে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। ফলে নতুন নেতৃত্বের ঘোষণা এখন সময়ের অপেক্ষা।