রাজনীতি

ক্যাম্পাসে দলীয় রাজনীতি পুরোপুরি বাদ দেওয়া ঠিক নয়: শিবির সভাপতি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:২৯ পিএম

ক্যাম্পাসে দলীয় রাজনীতি পুরোপুরি বাদ দেওয়া ঠিক নয়: শিবির সভাপতি
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে দলীয় রাজনীতি পুরোপুরি বাদ দেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে একটি আচরণবিধি থাকা প্রয়োজন এবং সেই নীতিমালার অধীনেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়া উচিত।

শনিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে ৬১তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘নবীনবরণ ও ক্যারিয়ার নির্দেশনা’ অনুষ্ঠানে নবীনদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘মাথাব্যথা হলে মাথা কেটে ফেলা নয়, বরং তা নিরাময় করতে হবে।’ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিতভাবে কিছু দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রত্যেক রাজনৈতিক সংগঠন শিক্ষার্থীদের সামনে তাদের নিজস্ব আদর্শ তুলে ধরতে পারবে। শিক্ষার্থীরা সেই আদর্শ গ্রহণ করতে পারে, আবার নাও করতে পারে। তবে কোনো শিক্ষার্থীকে জোর করে কোনো রাজনৈতিক দলের স্বার্থে কাজ করানো যাবে না।

লেজুড়বৃত্তিক রাজনীতির মাধ্যমে দলীয় স্বার্থসেবা প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, এটি স্বাভাবিক বিষয় হলেও তা অবশ্যই শিক্ষার্থীদের স্বার্থে হতে হবে।

অনুষ্ঠানে হাইকোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, দেশের এক ইঞ্চি মাটিও ক্ষতিগ্রস্ত হলে মানুষের মনে আঘাত লাগে। বাংলাদেশকে কীভাবে সাজাতে হবে, সে বিষয়ে নতুন প্রজন্মকে জানতে হবে। তাদের অংশগ্রহণ ছাড়া দেশকে স্বাধীনভাবে ও সুন্দরভাবে সাজানো সম্ভব নয়।

তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে রয়েছে। প্রয়োজনীয় দক্ষ ও জ্ঞানসম্পন্ন জনশক্তি তৈরি করতে না পারা এর অন্যতম কারণ। তাই জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।

শিশির মনির আরও বলেন, বর্তমান সময়ে জিন্দাবাদ-মুর্দাবাদ স্লোগানের চেয়ে দেশকে জ্ঞান ও বিজ্ঞানে এগিয়ে নেওয়াকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

প্রচলিত ছাত্ররাজনীতি শিশু-কিশোরদের মনে এক ধরনের বন্ধ্যাত্বের পরিবেশ তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের কাউকে ব্যবহার করার সুযোগ দেওয়া যাবে না। কোনো রাজনৈতিক সংগঠনকেই নিজেদের স্বার্থে ব্যবহার করার সুযোগ না দিয়ে স্বাধীন মন নিয়ে বেড়ে উঠতে হবে।