রাজনীতি

আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই: নাহিদ ইসলাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ এএম

আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, যত বাধা-বিপত্তিই আসুক, তাদের লং মার্চ চট্টগ্রামে পৌঁছাবেই। তিনি বলেন, নতুন করে যারা স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে, তাদের সেই পথ বন্ধ করতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

শনিবার সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সারা দেশের মানুষ ‘ঢাকা অভিমুখে লং মার্চ’ কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় একত্রিত হয়েছিল। এর মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছিল। এবার ঢাকা থেকে চট্টগ্রামসহ অন্যান্য বিভাগের উদ্দেশ্যে লং মার্চ শুরু করা হয়েছে।

তিনি বলেন, এই লং মার্চ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে। যারা তেল, গ্যাস ও বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বাড়ানোর পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধেও এই কর্মসূচি। পাশাপাশি যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধেও লং মার্চ করা হচ্ছে।

নাহিদ ইসলাম জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাইকে দলে দলে এই লং মার্চে অংশ নিতে হবে। এটি শুধু ১১ দলের লং মার্চ নয়, বরং বাংলাদেশের আপামর সাধারণ মানুষের লং মার্চ।

তিনি আরও বলেন, তারা শান্তিপূর্ণভাবে লং মার্চ পালন করবেন। তবে সরকার যদি এতে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে লং মার্চের ছয় দফা এক দফায় পরিণত হবে।