রাজনীতি

আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন: গয়েশ্বর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ এএম

আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন: গয়েশ্বর
গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: সংগৃহীত

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আপনি আসেন, আপনি কেন দেশের বাইরে থাকবেন? আপনি যত চোর নিয়ে বিদেশে গেছেন, সব চোর নিয়ে একবারে ঢাকায় আসেন। বাংলাদেশে আসেন। জনগণ আপনাদের দেখতে চায়।’

শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘কেউ কেউ অপেক্ষা করছে, আবার আসিব ফিরে। আমার আপা ঘন ঘন আওয়াজ দেন, তিনি আসবেন। সাহস থাকলে আসিয়া পড়েন, আসিয়া পড়েন।’

জিয়া মঞ্চের উত্থানের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের সময় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। এর ফলে অনেক সক্রিয় নেতা-কর্মী পদবঞ্চিত হয়েছেন। তাদের একটি অংশ জিয়া মঞ্চে এসে সংগঠিত হয়েছেন।

তার ভাষ্য, জিয়া মঞ্চ রাজপথের নেতা-কর্মীদের জায়গা করে দিয়েছে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ষড়যন্ত্র চলমান। এটা আপনাদের বুঝতে বাকি নেই। ফ্যাসিবাদের পতন হয়েছে। জনগণের আস্থা নিয়ে আমরা সরকার গঠন করেছি। এই সরকার গঠনটা অনেক সুখের নয়, অনেক দায়িত্বশীলতার ব্যাপার।’