রাজনীতি
দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই চ্যাম্পিয়ন ছিল: রিজভী
দারিদ্র্য দূরীকরণ ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, অর্থমন্ত্রী হিসেবে এম সাইফুর রহমান দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মসূচির কারণে কার্তিক মাসে দেখা দেওয়া অভাব দূর করতে সহায়তা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
সাইফুর রহমানের অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, তার সময়ে টাকা লুটপাট ও বিদেশে পাচারের মতো ঘটনা শোনা যায়নি। ব্যাংক থেকে অর্থ নিয়ে সরকারের বাজেট ঘাটতি পূরণের ঘটনাও তখন দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।
রিজভীর অভিযোগ, পরবর্তী ১৭ বছরে দেশে লুটপাটের বাজেট হয়েছে। তার ভাষায়, এই সময়ে পুরো দেশকে অর্থনৈতিকভাবে ‘ফোকলা’ করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির আমল সব সময় গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের। দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন।
এম সাইফুর রহমানের আরেকটি বড় অবদান হিসেবে শেয়ারবাজারকে লুটপাট থেকে রক্ষা করার বিষয়টি তুলে ধরেন রিজভী। তার মতে, দেশের অর্থনীতিকে শক্ত অবস্থানে নিতে সাইফুর রহমানের ভূমিকা ছিল ব্যাপক।
রিজভী বলেন, কৃষি অর্থনীতিকে ভিত্তি করে একটি দেশ সমৃদ্ধির পথে এগোতে পারে—এ ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে সাইফুর রহমান সফল হয়েছিলেন। দেশের বর্তমান অর্থনীতির ভিত্তি তৈরিতে তার ‘একক অবদান’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সামাজিক সুরক্ষার ধারণা দেশে প্রথম সাইফুর রহমানই চালু করেছিলেন বলেও দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
আলোচনা সভায় তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে ফিরে যাবে।