রাজনীতি
ডিসেম্বরে ফেরার হুংকার দিয়ে না ফেরার আভাস হাসিনার
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দেশে ফেরার বিষয়ে এমন কোনো নির্দেশনা দিতে চান না, যার কারণে তার সঙ্গে সংশ্লিষ্ট কেউ বিপদে পড়েন। তার এই বক্তব্যে ডিসেম্বরে দেশে ফেরার আগের ঘোষণার বিষয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এসব কথা বলেন। রোববার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।
সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তার দেশে ফেরার উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। এ কারণে দেশে ফেরার জন্য কাউকে কোনো নির্দেশনা দিয়ে বিপদের মুখে ফেলতে চান না বলেও জানান তিনি।
সম্প্রতি ডিসেম্বরে দেশে ফেরার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। তবে এবার তার বক্তব্যে সেই পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে ভিন্ন আভাস পাওয়া গেল।
সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও কথা বলেন শেখ হাসিনা।
তার অনুপস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্ব কে দেবেন—এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা তার বোন শেখ রেহানার সক্রিয় রাজনীতিতে আসার সম্ভাবনা নাকচ করে দেন। তিনি বলেন, ‘রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নয়।’
দলের সাংগঠনিক নেতৃত্ব প্রসঙ্গে শেখ হাসিনা জানান, তার অনুপস্থিতিতে শেখ ফজলুল করিম সেলিম সভাপতির দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, ‘এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।’
ফলে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আগের বক্তব্যের পাশাপাশি আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও তার সাম্প্রতিক মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।