রাজনীতি
জামায়াতে ইসলামী এখন আর ইসলামী দল নয়: চরমোনাই পীর
জামায়াতে ইসলামী এখন আর ইসলামী দল নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর রেজাউল করীম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কুষ্টিয়া শহরের ফজলুল উলম মাদরাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে রেজাউল করীম বলেন, জামায়াতে ইসলামী তাদের দলের লোগো থেকে ‘আকিমুদ্দীন’ কথাটি বাদ দিয়েছে। এর ফলে সেখানে ‘ইসলাম’ শব্দটিও আর থাকছে না। এ কারণে জামায়াতকে ইসলামী দল বলা যায় না বলে মন্তব্য করেন তিনি।
চরমোনাই পীর আরও বলেন, গত নির্বাচনের ইশতেহারে জামায়াত ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার কথা উল্লেখ করেনি। পাশাপাশি সে সময় দলটির আমিরও জানিয়েছিলেন, তারা শরিয়া অনুযায়ী নয়, প্রচলিত আইন অনুযায়ী দেশ পরিচালনা করবেন। এসব বিষয় বিবেচনায় জামায়াত আর ইসলামী দল নয় বলে দাবি করেন তিনি।
জামায়াতের বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে রেজাউল করীম বলেন, বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে দলটি লংমার্চ করেছে। কিন্তু লংমার্চ শেষে সংসদে জামায়াতের আমির বলেছেন, বিদ্যুৎ সংকট বর্তমান সরকারের সৃষ্টি নয়। তাহলে এত তেল-গ্যাস পুড়িয়ে লংমার্চ করার প্রয়োজন কেন হলো—এমন প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে জামায়াতের এ ধরনের অবস্থানকে দ্বিমুখী আচরণ হিসেবে উল্লেখ করেন।
এ সময় বিএনপিরও সমালোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনো আইন করবে না। কিন্তু সেই প্রতিশ্রুতি তারা রাখছে না। এরই মধ্যে সংসদে শরিয়াবিরোধী আইন অনুমোদন দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
শরিয়াবিরোধী আইন থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়ে রেজাউল করীম বলেন, এ ধরনের আইন থেকে ফিরে না এলে তারা প্রতিবাদে নামতে বাধ্য হবেন।