রাজনীতি

কক্সবাজারে রিসোর্টে আগুনে ১০ জন নিহতের ঘটনায় শোক জানাল জামায়াত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০২:২৭ পিএম

কক্সবাজারে রিসোর্টে আগুনে ১০ জন নিহতের ঘটনায় শোক জানাল জামায়াত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যু ও কয়েকজন নিখোঁজ থাকার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং পর্যটনকেন্দ্রের রিসোর্টগুলোতে অগ্নিনিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছে দলটি।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী সাতজনের মৃত্যু এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ থাকার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এ ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন, ব্যথিত ও শোকাহত বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, পর্যটন নগরী কক্সবাজারের উখিয়ায় এ দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, শনিবার সকাল ৮টার দিকে দুর্ঘটনাকবলিত রিসোর্টের আগুন নিয়ন্ত্রণে আনা এবং সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসসহ দায়িত্বপ্রাপ্ত সব সংস্থাকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এ ধরনের দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে উদ্ধার তৎপরতা এবং জরুরি নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে নিশ্চিত করা জরুরি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, পর্যটন নগরী কক্সবাজারে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে রিসোর্টগুলোতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এ জন্য সরকারের পক্ষ থেকে সব রিসোর্টের অগ্নিনিরাপত্তাব্যবস্থা ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় তদন্ত পরিচালনা করা জরুরি।

তিনি আরও বলেন, রিসোর্টগুলোতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম, জরুরি বহির্গমন পথ এবং অন্যান্য নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে রয়েছে কি না, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে পর্যটক ও নাগরিকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

উল্লেখ্য, উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি ও নিখোঁজের খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার, হতাহতদের সহায়তা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।