রাজনীতি

ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে ছাড় নয়: এমপি মানিক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পিএম

ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে ছাড় নয়: এমপি মানিক
ছবি: সংগৃহীত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে কিংবা দলীয় প্রার্থীর পরাজয়ে ভূমিকা রাখলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। একই সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের অতীত কর্মকাণ্ড, মাদকের বিরুদ্ধে ভূমিকা, অন্যায়-অনিয়মে সম্পৃক্ততা এবং বিভিন্ন দরবার থেকে অর্থ নেওয়ার অভিযোগ যাচাই-বাছাই করে প্রার্থী মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় হাইমচর উপজেলা আদর্শ শিশু নিকেতন প্রাঙ্গণে উপজেলার ছয়টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, দলের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে একজন করে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে কিংবা ব্যক্তিগত স্বার্থে দলীয় প্রার্থীর পরাজয়ের কারণ হলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। দলের সিদ্ধান্ত মেনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত কেউ চেয়ারম্যান বা মেম্বার পদে প্রার্থী হতে পারবেন না। তাদের দলীয় মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে। অন্যদিকে, বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যেসব নেতাকর্মী বিভিন্ন ইউনিটের প্রধানের দায়িত্বে রয়েছেন, তারা নির্বাচনে অংশ নিতে চাইলে আগে নিজ নিজ পদ থেকে অব্যাহতি নিয়ে প্রার্থী হতে হবে।

সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের বিষয়ে সংসদ সদস্য বলেন, গত ১৭ বছর ধরে যারা রাজপথে সক্রিয় ছিলেন, তাদের মধ্য থেকেই প্রার্থী নির্বাচনের বিষয়টি বিবেচনা করা হবে। তবে শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের ভিত্তিতে নয়, প্রার্থীদের ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডও যাচাই করা হবে। কে মাদকের বিরুদ্ধে কী ভূমিকা রেখেছেন, কে কোনো অন্যায় বা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন এবং কার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, সেসব বিষয় খতিয়ে দেখা হবে।

প্রার্থীদের নিজেদের যোগ্যতা মূল্যায়নের আহ্বান জানিয়ে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, প্রত্যেককে নিজের যোগ্যতা সম্পর্কে আত্মসমালোচনা করতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই বিচার করতে হবে-কে কতটুকু যোগ্য।’

সভায় হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী।

এ সময় হাইমচর উপজেলার ছয়টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীসহ বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।