রাজনীতি
‘ফ্যাসিস্ট সরকারের দোসররা গা ঢাকা দিয়ে আছে, সতর্ক থাকতে হবে’: খায়রুল কবির খোকন
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে আছে। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অতীতে এসব দোসর জনগণকে ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের কারও ভোটব্যাংক হওয়ার প্রয়োজন নেই। নাগরিক হিসেবে প্রত্যেকের নিজস্ব বিবেক, বিচার-বিশ্লেষণ ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকনের পক্ষ থেকে নরসিংদী সদর-১ আসনের ৯৩টি পূজামণ্ডপে এসব উপহার বিতরণ করা হবে বলে জানানো হয়।
খায়রুল কবির খোকন বলেন, ‘আপনাদের বুদ্ধি-বিবেক রয়েছে। আপনারা বিবেচনা করবেন, এ দেশের নাগরিক হিসেবে কাকে ভোট দেবেন, কাকে সমর্থন করবেন। এটি সম্পূর্ণ আপনাদের গণতান্ত্রিক অধিকার। আপনারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবেন।’
ধর্মীয় উৎসবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বিএনপির এই নেতা বলেন, জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো সব ধর্মীয় ও রাজনৈতিক উৎসবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও দায়িত্ব রয়েছে। উৎসবকে কেন্দ্র করে যেন শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সে বিষয়টি তারা পর্যবেক্ষণ করবেন।
তিনি আরও বলেন, কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, মাদক কিংবা অনৈতিক কর্মকাণ্ড যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে খায়রুল কবির খোকন বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দোসররা বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে আছে। নরসিংদীতেও আছে, দেশের অন্যান্য স্থানেও আছে। থানা, উপজেলা ও বিভিন্ন পর্যায়ে তারা আত্মগোপনে রয়েছে। তাদের ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে।’
অনুষ্ঠানে নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, এম এ জলিল, হারুন-অর-রশিদ, এ কে এম গোলাম কবির কামাল ও ফারুক উদ্দিন ভূঞাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, ক্রীড়াবিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, ছাত্রবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।