রাজনীতি

জামায়াত-এনসিপির সাইবার বুলিংয়ের কারণেই ইশরাক হোসেনের পদত্যাগ: ফারুক হাসান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম

জামায়াত-এনসিপির সাইবার বুলিংয়ের কারণেই ইশরাক হোসেনের পদত্যাগ: ফারুক হাসান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির ধারাবাহিক সাইবার বুলিংয়ের কারণেই ইশরাক হোসেনকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয়েছে বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র মো. ফারুক হাসান।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এ দাবি করেন তিনি।

স্ট্যাটাসে ফারুক হাসান লেখেন, ‘জামায়াত ও এনসিপির পক্ষ থেকে অনবরত সাইবার হামলার শিকার হতে হয়েছে ইশরাক হোসেনকে, যার জের ধরে শেষ পর্যন্ত তাকে পদত্যাগের মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলো। অথচ ইশরাক হোসেন মাদক ব্যবসায়ীদের জন্য এক আতঙ্কের নাম ছিল।’

ফারুক হাসানের মন্তব্য, ইশরাক হোসেনের সঙ্গে অবিচার করা হয়েছে। তার পদত্যাগের ফলে ঢাকা শহরে মাদক কারবারিরা আরও বড় মাফিয়া হয়ে উঠবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এর আগে দেওয়া আরেকটি স্ট্যাটাসে ফারুক হাসান লেখেন, ব্যক্তি ইশরাক হোসেনের সমালোচনা থাকতে পারে এবং তার ভুলত্রুটিও থাকতে পারে। তবে ইশরাকের মধ্যে তারুণ্যের উদ্দীপনা রয়েছে। আগামীর বাংলাদেশ গড়তে যেকোনো দলের তরুণদের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

ওই পোস্টে ফারুক হাসান আরও বলেন, ইশরাক হোসেন পদত্যাগ করলে ঢাকা শহরে মাদক কারবারিরা আরও শক্তিশালী হয়ে উঠবে।

তিনি আরও লেখেন, যারা বাংলাদেশকে মাদকমুক্ত দেখতে চায় না, মূলত তারাই ইশরাক হোসেনের সমালোচনা করছে। মাদকের বিরুদ্ধে ইশরাক সাহসিকতার সঙ্গে কাজ করেছেন বলেও মন্তব্য করেন গণঅধিকার পরিষদের এই নেতা।