রাজনীতি

চাপ দিয়ে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করানো হয়েছে: ভিপি নুর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১১:৩৭ এএম

চাপ দিয়ে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করানো হয়েছে: ভিপি নুর
মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদি এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে পরিকল্পিতভাবে গ্রেপ্তার করানো হয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

সোমবার (২৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন।

নুর বলেন, “জনকণ্ঠ দখলের মতোই ‘মাই টিভি’ দখলেও সুপরিকল্পিত যোগসাজশে নাসির উদ্দিন সাথী ও তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করানো হয়েছে। এর আগে নগদ ৫ কোটি টাকা কিংবা শেয়ার লিখে দেওয়ার বিষয়ে দেনদরবার করা হলেও সমঝোতা হয়নি। শেষ পর্যন্ত ডিজিটাল ও ফিজিক্যাল মবের চাপে প্রশাসনকে ব্যবহার করে তাদের গ্রেপ্তার করানো হয়েছে।”

তিনি প্রশ্ন তোলেন, যাত্রাবাড়ীর ছাত্র হত্যা মামলায় এক বছর পর কীভাবে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে আসামি করা হলো। নুরের বক্তব্যে, “আফ্রিদি যদি ক্ষমতাসীনদের হয়ে কিছু করে থাকেন, তবে সেসব বিষয়ে আলাদা মামলা দেওয়া যেত। কিন্তু ভিত্তিহীনভাবে ছাত্র হত্যা মামলায় জড়িয়ে দেওয়া অযৌক্তিক। এতে প্রশাসন বিবেচনাহীন সিদ্ধান্ত নিচ্ছে, যার ফলে দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনের রিপোর্টে বাংলাদেশ আবারও সমালোচিত হবে।”

গণঅধিকার পরিষদের সভাপতি আরও বলেন, সরাসরি কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত না থাকার কারণে এ দুইজনের গ্রেপ্তার ভবিষ্যতে উদাহরণ হিসেবে ব্যবহৃত হবে যে, মিডিয়া মালিক, ব্যবসায়ী ও সেলিব্রিটিরাও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন। তার মতে, এ ধরনের পদক্ষেপ প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেও প্রতিবন্ধকতা তৈরি করবে এবং শেষ পর্যন্ত ফ্যাসিবাদের পথ প্রশস্ত করবে।

এদিকে, গত ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে সিআইডি তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তাকে আসামি করা হয়। সোমবার বিকেলে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রিমান্ড আবেদনে অভিযোগ করা হয়, তৌহিদ আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন বিরোধী প্রচারণা চালান এবং সেলিব্রেটি ও কনটেন্ট ক্রিয়েটরদের ব্যবহার করে ছাত্র-জনতাকে আন্দোলন থেকে বিরত রাখতে চেষ্টা করেন। তার কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে স্থানীয় রাজনৈতিক কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলিবর্ষণে আসাদুল হক বাবু নিহত হন।

উল্লেখ্য, গত বছরের ৩০ আগস্ট নিহত বাবুর বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। এজাহারে নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

এর আগে, একই মামলায় গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করার পর রিমান্ড শেষে ২৩ আগস্ট তাকে কারাগারে পাঠানো হয়।