রাজনীতি

ওসমান হাদিকে গুলি, হামলাকারীদের পরিচয় সম্পর্কে যা জানা গেল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ পিএম

ওসমান হাদিকে গুলি, হামলাকারীদের পরিচয় সম্পর্কে যা জানা গেল
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় হাদিকে রিকশায় যাওয়ার সময় একটি মোটরসাইকেল থেকে উদ্দেশ্যভিত্তিক গুলি করা হয়।

ঘটনাস্থলের কাছাকাছি একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুপুর ২টা ২০ মিনিটে গুলির শব্দ শোনা যায়। কয়েক সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলে থাকা দুই যুবক দ্রুত পালিয়ে যান। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

পুলিশ এবং ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের পোশাক সম্পর্কে ধারণা পাওয়া গেছে। একজনের গায়ে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর, আকাশি প্যান্ট, আর অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা, চামড়া রঙের জুতা ছিল। ধারণা করা হচ্ছে, বাইক আরোহীরা আগে মতিঝিল ওয়াপদা মাদরাসা (জামিআ দারুল উলুম) এলাকায় হাদির সঙ্গে জনসংযোগে অংশ নিয়েছিল এবং তাদের পোশাক ওই সময়ের পোশাকের সঙ্গে মিলে যাচ্ছে।

hadi1_Dhakaprokash.jpg

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ চলছে। ফুটেজ বিশ্লেষণ শেষে হামলাকারীদের সংখ্যা ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর মোটরসাইকেলে দুইজন ব্যক্তি হাজির হন। পেছনে বসা ব্যক্তি নিকটবর্তী দূরত্ব থেকে হাদির মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে এবং হামলার পর দ্রুত স্থান ত্যাগ করে। হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, হাদির মস্তিষ্কে গুলি লেগেছে এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অস্ত্রোপচার চলছে।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে হাদি দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন হুমকি পেয়েছিলেন। ১৪ নভেম্বর তিনি ফেসবুকে লিখেছিলেন, তার ওপর হত্যা, বাড়িতে আগুন দেওয়া ও পরিবারের সদস্যদের ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। হাদি লিখেছিলেন, তিন ঘণ্টার মধ্যে অন্তত ৩০টি কল ও মেসেজ এসেছে, যার মাধ্যমে তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখার হুমকি দেওয়া হয়েছে।