রাজনীতি
৩০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে: ইনকিলাব মঞ্চ
শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নিশ্চিত করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এ জন্য দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং প্রয়োজনে আন্তর্জাতিক মানের গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ‘শহীদি শপথ গ্রহণ’ অনুষ্ঠানে এই দাবি তুলে ধরেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
তিনি বলেন, আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর সারা দেশে দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে শহীদ শরীফ ওসমান হাদির বাণী তুলে ধরার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে।
এর আগে সোমবার তিন দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল ইনকিলাব মঞ্চ। এ বিষয়ে জাবের বলেন, এখনো পর্যন্ত তাদের দাবির বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি জোর দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও পেশাদার গোয়েন্দা সংস্থার সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করতে হবে।
ইনকিলাব মঞ্চ জানায়, ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে সংগঠনটির পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা হবে না। তবে তারেক রহমান দেশে ফিরে তাদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আব্দুল্লাহ আল জাবের।
তিনি আরও জানান, ২৫ ডিসেম্বরের পর সারাদেশে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে এবং সেই কর্মসূচি একযোগে বাস্তবায়ন করা হবে।