ধর্ম
সৌদি পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী
চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৫৩ হাজার ৪১০ জন বাংলাদেশি হজযাত্রী। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১৩৭টি ফ্লাইটে তারা দেশটিতে পৌঁছান।
বুধবার প্রকাশিত হজ বিষয়ক সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ও সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্রের তথ্যের ভিত্তিতে হেল্প ডেস্ক এ পরিসংখ্যান প্রকাশ করেছে।
তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৫টি ফ্লাইটে ২৫ হাজার ৮৯১ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনস–এর ৫০টি ফ্লাইটে ১৮ হাজার ৬৬০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস–এর ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৮৯ জন যাত্রী সৌদি আরবে গেছেন।
হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় সৌদিতে পৌঁছেছেন ৪৯ হাজার ৩৩৯ জন।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। হজ শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইটটি আগামী ৩০ জুন ঢাকার উদ্দেশে সৌদি আরব ত্যাগ করবে।