ধর্ম
হজে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যু
চলতি বছর হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৫৮ হাজার ৩৪৭ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে সেখানে ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর তথ্য জানিয়েছে হজ বুলেটিন।
শনিবার (১৬ মে) প্রকাশিত বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়।
হজ বুলেটিন অনুযায়ী, শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৯০৩ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।
এ পর্যন্ত মোট ১৫০টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৭৫টি ফ্লাইটে ২৯ হাজার ৭০৪ জন, সৌদি এয়ারলাইনস ৫৩টি ফ্লাইটে ১৯ হাজার ৭৮৪ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী পরিবহন করেছে।
সৌদি আরবে মারা যাওয়া ১৫ বাংলাদেশির মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। মৃতদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে মক্কায় এবং ৪ জনের মৃত্যু হয়েছে মদিনায়। এখন পর্যন্ত জেদ্দা, মিনা, আরাফা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ৩০টি লিড হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে।
গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। হজযাত্রীদের সৌদি আরব গমন চলবে আগামী ২১ মে পর্যন্ত। অন্যদিকে, হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।