ধর্ম
‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের আহ্বান
হজের সময় ঝগড়া-বিবাদ ও অনর্থক বিতর্ক থেকে দূরে থেকে ইবাদতে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আবদুল্লাহ আল-বুয়াইজান।
শুক্রবার (২২ মে) জুমার খুতবায় তিনি হজযাত্রীদের উদ্দেশে বলেন, হজ শুধু আনুষ্ঠানিক সফর নয়; এটি আত্মশুদ্ধি, ত্যাগ ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের এক মহান ইবাদত। তাই এই পবিত্র সফরে দুনিয়াবি বিরোধ ও অপ্রয়োজনীয় আলাপ থেকে বিরত থাকতে হবে।
খুতবায় তিনি হজের আরকান, আহকাম ও নিষিদ্ধ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, হজ পালনকারীকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করতে হবে এবং এমন কোনো কাজ করা যাবে না, যা ইবাদতের একাগ্রতা নষ্ট করে।
এ প্রসঙ্গে তিনি পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ১৯৭ নম্বর আয়াতের কথা উল্লেখ করেন, যেখানে হজের সময় অশ্লীলতা, পাপাচার ও ঝগড়া-বিবাদ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শায়খ আল-বুয়াইজান হজের সময় সরকারি নির্দেশনা ও শৃঙ্খলা মেনে চলার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ম অনুসরণ করা শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, বরং নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি হজযাত্রীদের ধৈর্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব বজায় রাখার আহ্বান জানান।
খুতবার শেষাংশে জিলহজ মাসের প্রথম ১০ দিনের ফজিলত তুলে ধরে তিনি বেশি বেশি নামাজ, রোজা, দান-সদকা ও জিকির করার পরামর্শ দেন। এ সময় তিনি রাসুলুল্লাহ (সা.)–এর একটি হাদিস উল্লেখ করেন, যেখানে জিলহজের প্রথম দশ দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বলে বর্ণনা করা হয়েছে।
তিনি মুসলিম উম্মাহকে এই দিনগুলোকে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির বিশেষ সুযোগ হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান।