সারাদেশ
কনস্টেবলের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়ায় এএসপি বরখাস্ত
অর্থের প্রলোভন দেখিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সহকারী পুলিশ সুপার (এসএসপি) মো. আফজাল হোসেন।
বুধবার (৩০ জুলাই) জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, পারিবারিক বিষয়ে অভিযোগ করতে এক কনস্টেবলের স্ত্রী বরিশাল আরআরএফ কার্যালয়ে যান। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় এএসপি আফজাল হোসেনের। পরে আফজাল ওই নারীকে হোয়াটসঅ্যাপে বারবার বিরক্ত করতে থাকেন এবং তাকে অনৈতিক প্রস্তাব দেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আফজাল হোসেন শুধু অনৈতিক প্রস্তাবই দেননি, অর্থের প্রলোভন দেখিয়ে বিয়ের প্রস্তাবও দিয়েছেন। এমনকি ওই নারীকে নিজের স্বামীর বিরুদ্ধে মামলা করারও কুপরামর্শ দেন।
এএসপি আফজাল কনস্টেবলের দ্বিতীয় স্ত্রীকেও উসকানি দিয়ে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে মিথ্যা অভিযোগ দাখিল করান বলে অভিযোগ রয়েছে। তার এসব আচরণকে নৈতিক স্খলন ও পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নকারী হিসেবে বিবেচনা করা হয়েছে।
২১ জুলাই থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং নিয়ম অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার এমন অপেশাদার ও অনৈতিক আচরণ শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।