সারাদেশ

‎স্কুলে শেখ মুজিবুর রহমানের ছবি টানানো সেই প্রধান শিক্ষিকা বরখাস্ত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০১:৫২ পিএম

‎স্কুলে শেখ মুজিবুর রহমানের ছবি টানানো সেই প্রধান শিক্ষিকা বরখাস্ত
ছবি: সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বিদ্যালয়ের অফিসকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোকে কেন্দ্র করে তদন্তে অভিযোগের আংশিক সত্যতা পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খোন্দকার জসিম আহমেদ।

ঘটনাটি ঘটে গত ৩ আগস্ট। ওই দিন বিদ্যালয়ের একটি কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে বিতর্ক তৈরি করে। পরদিন এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

প্রধান শিক্ষিকা শামীমা ইয়াসমিন বলেন, ‘বঙ্গবন্ধুর ছবি টাঙানো কোনো অপরাধ নয়। বরং সেটি শ্রদ্ধা জানানোর বিষয়। আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে। বঙ্গবন্ধু না হলে তো স্বাধীন বাংলাদেশেরই জন্ম হতো না।’

তবে স্থানীয় পর্যায়ে বিতর্কের জেরে ছবিটি পরে সরিয়ে নিতে হয়। এরপরই তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। প্রধান শিক্ষিকার পরিবারের দাবি, বরখাস্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষিকার স্বামী মো. হাফিজুর রহমান বলেন, ‘সহকারী শিক্ষা কর্মকর্তা ফোন করে জানান, অফিসে গিয়ে একটি চিঠি নিতে বলা হয়েছে। কিন্তু বরখাস্তের বিষয়টি আমাদের আনুষ্ঠানিকভাবে কেউ বলেননি।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে স্থানীয়ভাবে তদন্ত পরিচালনা করা হয় এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ীই সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে শেষ পর্যন্ত শামীমা ইয়াসমিন দোষী সাব্যস্ত হলে বিভাগীয় মামলা এবং স্থায়ী বহিষ্কারের সম্ভাবনার কথাও জানিয়েছেন ওই কর্মকর্তা।