সারাদেশ
সাঈদীর ফাঁসির রায়ে মিষ্টি বিতরণকারী আ.লীগ নেতাকে মিষ্টি খাওয়ানোর পর গণপিটুনি
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণের অভিযোগে আওয়ামী লীগ নেতা মো. এহসান হিরণকে স্থানীয়দের দ্বারা গণপিটুনি দেয়া হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার ঘোষেরহাট বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা প্রথমে তাকে মিষ্টি খাওয়ালেও পরে ক্ষিপ্ত হয়ে গণপিটুনি শুরু করে এবং পুলিশের কাছে তাকে সোপর্দ করে।
ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরে, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে, পুলিশ হিরণকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করে। ওই সময় বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. এহসান হিরণ প্রকাশ্যে আনন্দ মিছিল বের করে মিষ্টি বিতরণ করেছিলেন। সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। তবে শনিবার রাতে ঘোষেরহাট বাজারে তাকে দেখে স্থানীয়রা মিষ্টি খাওয়ানোর পর গণপিটুনি দেয়।
ইন্দুরকানী উপজেলা জামায়াতের আমির মো. আলী হোসেন এ ব্যাপারে মন্তব্য করে বলেন, "স্থানীয়রা হিরণের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে গণপিটুনি দিয়েছে, কারণ সে সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর প্রকাশ্যে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেছিল। আমরা তার বিচার দাবি করছি।"
পুলিশ জানায়, এহসান হিরণের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে আরও তদন্ত চলবে।