সারাদেশ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ভোলার ১০টি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে নদী উত্তাল থাকায় ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে নিশ্চিত করেছেন ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন।
তিনি জানান, আবহাওয়ার বর্তমান অবস্থা অনুযায়ী যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
লঞ্চ চলাচল বন্ধ থাকা নৌরুটগুলোর মধ্যে রয়েছে- ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-হাতিয়া, মনপুরা-ঢাকা, তজুমদ্দিন-মনপুরাসহ আরও কয়েকটি রুট।
তবে ইলিশা-ঢাকা, খেয়াঘাট-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, লালমোহন-ঢাকা, ঘোষেরহাট-ঢাকা এবং ভেদুরিয়া-বরিশাল রুটে এখনো লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, পরিস্থিতির আরও অবনতি হলে পর্যায়ক্রমে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে।