সারাদেশ
বরিশালের মুলাদীতে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২৫
বরিশালের মুলাদী উপজেলায় ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে মুলাদী সরকারি কলেজে এ সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বরিশাল জেলা শিবিরের সভাপতি সাইয়েদ আহমেদ জানান, আগামী ২৩ সেপ্টেম্বর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে একটি ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল শিবির। এ উপলক্ষে জেলা ও উপজেলার শিবির নেতারা মুলাদী কলেজে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে তাদের ১৫–২০ জন আহত হন। এর মধ্যে ৬ জনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান।
অন্যদিকে মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী অভিযোগ অস্বীকার করে বলেন, ডাকসু নির্বাচনের পর থেকে শিবির কলেজ নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। একপর্যায়ে তারা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে ছাত্রদলের কলেজ শাখার সভাপতি প্রতিবাদ করেন। এ সময় তাকে কলেজ থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। তখন শিবির উল্টো ছাত্রদলের ওপর হামলা চালায়। এতে তাদের অন্তত ৭–৮ জন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি অভিযোগ করেন, “বর্তমান শিবির নেতৃত্বের অনেকেই আগে ছাত্রলীগ করতো। সংঘর্ষের সময় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি। এ ঘটনায় আমরা ন্যায়বিচার চাই।”
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, “প্রথমে দুই শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা হয়েছিল। পরে শিক্ষকরা বিষয়টি মীমাংসা করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।”