সারাদেশ
কুয়াকাটায় গোপনে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের কারাদণ্ড
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে নারী পর্যটকদের গোপনে গোসলের ভিডিও ধারণের দায়ে মো. রুবেল পাহলান (৩০) নামে এক যুবককে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক এই রায় ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটায় বেড়াতে আসা একদল নারী পর্যটক সমুদ্রসৈকতে গোসল করছিলেন। এ সময় রুবেল নামের ওই যুবক গোপনে ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি টের পান সৈকতের স্থানীয় ফটোগ্রাফাররা। পরে তারা তাকে হাতেনাতে আটক করে ট্যুরিস্ট পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয় ফটোগ্রাফার মো. জাকারিয়া জানান, “আমরা লক্ষ্য করি, সে মেয়েদের ভিডিও করছে এবং খারাপ মন্তব্য করছে। সঙ্গে সঙ্গে আমরা তাকে ধরে ট্যুরিস্ট পুলিশের হাতে তুলে দিই।”
পরে ট্যুরিস্ট পুলিশ অভিযুক্ত রুবেলের মোবাইল ফোনে নারী পর্যটকদের ভিডিও ধারণের একাধিক প্রমাণ খুঁজে পায়। পুলিশ জানায়, রুবেল দীর্ঘদিন ধরে এই ধরনের ভিডিও তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে বিক্রি করতেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) হাবিবুর রহমান বলেন, “অভিযুক্তকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ্রুত দণ্ড দেওয়া হয়েছে। আমরা সর্বদা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত আছি। এ ধরনের আচরণ যারা করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”
কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ইয়াসিন সাদেক বলেন, “নারীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে রুবেলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। যাচাই-বাছাই শেষে তাকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”
ট্যুরিস্ট পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত রুবেল নিয়মিত কুয়াকাটায় ঘুরতে আসা নারী পর্যটকদের টার্গেট করে ভিডিও ধারণ করতেন। সেগুলো দিয়ে তিনি ‘কনটেন্ট’ বানিয়ে বিভিন্ন মাধ্যমে বিক্রি করতেন। বিষয়টি স্থানীয়দের উদ্বেগ বাড়িয়েছে।