সারাদেশ
পটুয়াখালীতে বাস ও র্যাবের গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
পটুয়াখালীর সদর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের, যাদের একজন দুই বছরের শিশু। শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে র্যাবের একটি গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন র্যাবের গাড়িচালক আলিম (৪২), তার কন্যাসন্তান (২), এবং বাসযাত্রী আফরোজা (৩৫)। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৩০ জন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া জানান, গুরুতর আহতদের বরিশাল সিএমএইচ ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বরিশাল থেকে কুয়াকাটাগামী র্যাব-৮ এর একটি গাড়ি বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। তীব্র ধাক্কায় দু’টি যানই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন তিনজন।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন জানান, "দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। র্যাবের গাড়িতে থাকা ১৩ জনকে তাৎক্ষণিকভাবে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।"
সংঘর্ষের কারণে মহাসড়কটির ওই অংশ প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেওয়ার পর পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, গুরুতর আহতদের মধ্যে অনেকের শরীরে রক্তক্ষরণজনিত সমস্যা, হাড় ভাঙা এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে। তাদের দ্রুত উচ্চতর চিকিৎসার জন্য বরিশালে স্থানান্তর করা হয়েছে।