সারাদেশ
বরিশালে কলেজছাত্রী নিখোঁজ, পুলিশকে বার্তায় জানালেন ‘বয়ফ্রেন্ডের সঙ্গে আছি’
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গাইলা ইউনিয়নের মধ্য শিহিপাশা এলাকার কলেজছাত্রী পূর্ণা দাস (২১) নিখোঁজ হয়েছেন। গত ৯ নভেম্বর সকাল ৭টা ১০ মিনিটে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার ঘটনা রহস্যজনক।
ভাই রিমন দাস বাদী হয়ে আগৈলঝাড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজের পর থেকে পুলিশের অনুসন্ধান চললেও এখন পর্যন্ত পূজা উদ্ধার হয়নি।
তবে পুলিশের কাছে পাওয়া তথ্য ভিন্ন। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, পূজা দাস প্রেমিকের সঙ্গে থাকার জন্যই নিখোঁজ হতে পারেন। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ অলিউল ইসলাম জানান, “নিখোঁজের পর তার হোয়াটসঅ্যাপে একটি বার্তা এসেছে, যেখানে লেখা ছিল- ‘আমাকে খুঁইজেন না। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আছি এবং ভালোই আছি।’ তবে সেই নম্বরটি পরবর্তীতে বন্ধ হয়ে গেছে। বার্তাটি মেয়েটি পাঠিয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।”
উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, “আমরা এখনও নিশ্চিত করতে পারিনি এটি অপহরণ কি না। পরিবারের পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি। পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তথ্য সংগ্রহ করছে। বিশেষ কৌশলে মেয়েটির অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। আপাতত নিশ্চিত করা গেছে যে সে ভালো আছে। শিগগির তাকে উদ্ধার করা সম্ভব হবে। উদ্ধার হলে নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ জানা যাবে।”
ওসি অলিউল ইসলাম বলেন, “নম্বর বন্ধ থাকায় ট্র্যাকিং করা সম্ভব হচ্ছে না। তবে আমরা মেয়েটির খুব কাছাকাছি পৌঁছেছি। আশা করি শিগগিরই তাকে পরিবারে ফিরিয়ে দেওয়া যাবে।”