সারাদেশ
দিনে কোরআন ছুঁয়ে শপথ, রাতেই মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কথিত চৌম্বক স্তম্ভের সন্ধানে গোপন খননকাজ চালাতে গিয়ে মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় নতুন তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে জানা গেছে, বিষয়টি গোপন রাখতে শ্রমিকদের দিয়ে কোরআন শরীফ ছুঁয়ে শপথ করানো হয়েছিল।
সোমবার পিরোজপুর জেলা পুলিশের আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। নিহতরা হলেন আব্দুল রশীদ বেপারী ও সাগর হাওলাদার।
পুলিশ জানায়, গত ৩১ মে সকালে দক্ষিণ আমড়াগাছিয়া এলাকার একটি মক্তবের বারান্দা এবং সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরের আরেকটি স্থান থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না পাওয়ায় অপরাধ তদন্ত বিভাগের ফরেনসিক দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে এবং বিস্তারিত তদন্ত শুরু করে।
তদন্তে উঠে আসে, ইউসুফ আলী প্যাদ্যা ও শহীদুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি গোপনে একটি খননকাজ পরিচালনার জন্য ৭ থেকে ৮ জন শ্রমিক নিয়োগ করেছিলেন। শ্রমিকদের প্রত্যেককে এক হাজার টাকা মজুরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি পুরো বিষয়টি গোপন রাখার শর্তে তাদের কোরআন শরীফ ছুঁয়ে শপথ করানো হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গভীর রাতে দক্ষিণ আমড়াগাছিয়ার একটি নবনির্মিত পুকুরে খননকাজ চলাকালে হঠাৎ পুকুরপাড়ের বড় একটি অংশ ধসে পড়ে। এতে চারজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই আব্দুল রশীদ বেপারী ও সাগর হাওলাদারের মৃত্যু হয়।
এ ঘটনায় এজাহারভুক্ত দুইজনসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।