সারাদেশ

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামছে জেলেরা, প্রাণ ফিরছে উপকূলে


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৮:০৭ পিএম

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামছে জেলেরা, প্রাণ ফিরছে উপকূলে
৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামছে জেলেরা। ছবি: ঢাকাপ্রকাশ

দীর্ঘ ৫৮ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সাগরে মাছ ধরার ওপর গত ১৫ এপ্রিল (বুধবার) শুরু হওয়া নিষেধাজ্ঞা আজ মধ্যরাতে শেষ হচ্ছে। ফলে দেশের উপকূলীয় অঞ্চলে জেলেদের মধ্যে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য, ব্যস্ত হয়ে উঠেছে মাছ ধরার ঘাট ও আড়তগুলো।

সরকার সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের প্রজনন নিশ্চিত করা এবং টেকসই আহরণ ব্যবস্থাপনা বজায় রাখতে প্রতিবছর নির্দিষ্ট সময়ের জন্য সাগরে মাছ ধরা নিষিদ্ধ করে। এ সময় সব ধরনের মাছ ধরার নৌযান ও ট্রলার সাগরে যাওয়া বন্ধ থাকে।

নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা পেলেও অনেক জেলে অর্থনৈতিক সংকটে পড়েন। দীর্ঘদিন আয় বন্ধ থাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে বলে জানিয়েছেন তারা। অনেকেই ঋণের চাপেও পড়েছেন।

তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নতুন আশায় বুক বাঁধছেন জেলেরা। তারা আশা করছেন, সাগরে পর্যাপ্ত মাছ পাওয়া গেলে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। ইতোমধ্যে বিভিন্ন ঘাটে ট্রলার মেরামত, জাল প্রস্তুত এবং জ্বালানি সংগ্রহের কাজ শেষ করে সাগরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।

অন্যদিকে, উপকূলীয় এলাকার মৎস্য ব্যবসায়ীরাও নতুন করে ব্যস্ত হয়ে উঠেছেন। নিষেধাজ্ঞা শেষের সঙ্গে সঙ্গে মাছের আড়ত, বরফকল ও পরিবহন খাতে গতি ফিরে এসেছে। এতে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানিয়েছেন, জেলেরা সরকারি নিয়ম মেনে নিষেধাজ্ঞা পালন করেছেন। এর সুফল তারা সাগরে মাছ ধরার মাধ্যমে পাবেন বলে আশা করা হচ্ছে।