সারাদেশ

কেপ ভার্দের বিপক্ষে খেলা দেখে ক্ষোভে জার্সি পুড়িয়ে দল ছাড়লেন আর্জেন্টিনা সমর্থক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:৩৭ পিএম

কেপ ভার্দের বিপক্ষে খেলা দেখে ক্ষোভে জার্সি পুড়িয়ে দল ছাড়লেন আর্জেন্টিনা সমর্থক
ছবি: সংগৃহীত

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার খেলা দেখে ক্ষোভে নিজের প্রিয় দলের জার্সিতে আগুন দিয়ে দল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন ভোলার এক সমর্থক। শনিবার (৪ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ওই সমর্থকের নাম নিরব। তিনি শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাকসুদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খেলা চলাকালে আর্জেন্টিনা দলের পারফরম্যান্সে হতাশ হয়ে নিরব প্রকাশ্যে নিজের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সিতে আগুন দেন। পরে তিনি আর আর্জেন্টিনার সমর্থক থাকবেন না বলে ঘোষণা দিয়ে অন্য একটি দলের সমর্থক হওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। কেউ এটিকে একজন ফুটবলপ্রেমীর আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে নিছক হাস্যরসের ঘটনা বলে মন্তব্য করছেন।

নিরব বলেন, ভোরে ঘুম থেকে উঠে খেলা দেখতে বসেছিলেন তিনি। কিন্তু দলের পারফরম্যান্সে চরম হতাশ হয়ে ক্ষোভের বশে এমন সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে একই এলাকার আর্জেন্টিনা সমর্থক মো. নুরে আলম বলেন, ফুটবল একটি খেলা মাত্র, এটি উপভোগ করাই উচিত। এ ধরনের কাজ প্রকৃত সমর্থকের পরিচয় দেয় না।

নিরবের এই সিদ্ধান্ত সাময়িক আবেগ নাকি স্থায়ী, তা নিয়ে এলাকায় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চলছে নানা আলোচনা।