সারাদেশ
বরিশালে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন ৫ আর্জেন্টিনাভক্ত
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক পারফরম্যান্সের পর আর্জেন্টিনা দলকে সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন বরিশালের পাঁচ সমর্থক। প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা এক ড্রাম দুধ দিয়ে গোসল করেন এবং পরে ব্রাজিলের সমর্থক হিসেবে নিজেদের ঘোষণা দেন।
সোমবার (২০ জুলাই) ভোররাত প্রায় ৪টার দিকে নগরীর বেলস পার্ক মাঠে এই ঘটনা ঘটে। ফাইনাল ম্যাচ শেষে ক্ষোভ আর হতাশায় ভেঙে পড়েন আর্জেন্টিনা সমর্থক রফিক সাদী। তার সঙ্গে থাকা আরও কয়েকজন সমর্থকও একই সিদ্ধান্ত নেন।
জানা যায়, রোববার (১৯ জুলাই) বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে বেলস পার্ক মাঠে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হয়েছিলেন বিভিন্ন দলের সমর্থকরা। শুরু থেকেই আর্জেন্টিনার পারফরম্যান্সে অসন্তুষ্ট ছিলেন রফিক সাদী ও তার সঙ্গীরা। ম্যাচ শেষে তারা দলটির প্রতি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
এরপর তারা দুধ ও মিষ্টি নিয়ে মাঠেই প্রতীকী আয়োজন করেন। দুধ দিয়ে গোসল করে এবং উপস্থিত সমর্থকদের মাঝে মিষ্টি বিতরণ করে আর্জেন্টিনাকে বিদায় জানান তারা। পরে ব্রাজিল দলের জার্সি পরে নতুন করে সমর্থনের ঘোষণা দেন।
রফিক সাদী বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক ছিলেন তিনি। তবে ফাইনালে স্পেনের বিপক্ষে দলের পারফরম্যান্সে তিনি গভীরভাবে হতাশ। তার মতে, ব্রাজিল পরাজিত হলেও এমন হতাশাজনক খেলা তারা উপহার দেয় না। ব্রাজিলের বিশ্বকাপ জয়ের ইতিহাস বিবেচনায় নিয়েই তিনি দলটি সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন।
এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন রফিক সাদী। তিনি নিজ হাতে ব্রাজিল ও স্পেনের সমর্থকদের মিষ্টি খাওয়ান। পরে দুধ দিয়ে গোসল শেষে তিনিসহ আরও চার-পাঁচজন সমর্থক আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থক হিসেবে নিজেদের ঘোষণা দেন। উপস্থিত ব্রাজিল সমর্থকরাও তাদের জার্সি উপহার দিয়ে স্বাগত জানান।