সারাদেশ

বরিশালে সরকারি স্কুলের টিফিনের রুটিতে পাওয়া গেল ব্লেড, আতঙ্কে অভিভাবকরা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৯ পিএম

বরিশালে সরকারি স্কুলের টিফিনের রুটিতে পাওয়া গেল ব্লেড, আতঙ্কে অভিভাবকরা
ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিফিনে দেওয়া রুটির ভেতর থেকে ধারালো ব্লেড পাওয়ার ঘটনায় চরম উদ্বেগ তৈরি হয়েছে। তবে সৌভাগ্যক্রমে রুটি খাওয়ার আগেই সেটি শিক্ষার্থীর চোখে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

বুধবার (২২ জুলাই) গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিন খাওয়ার সময় রুটি ছিঁড়তে গিয়ে ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পায়। সঙ্গে সঙ্গে সে বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহারকে জানায়। পরে শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরাও বিষয়টি প্রত্যক্ষ করেন।

পরদিন বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ওই ছাত্রী আলমতাজের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। ব্লেডটি আগে থেকেই চোখে পড়ায় তার কোনো শারীরিক ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার বলেন, বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে এবং গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এ ঘটনায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বিদ্যালয়ে সরবরাহ করা টিফিনের মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে, রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রতিনিধি আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বিদ্যালয়টি পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হবে এবং কোনো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।