সারাদেশ
পটুয়াখালীতে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত কয়েকজন
পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে পদ পাওয়া নেতাকর্মীদের সঙ্গে পদবঞ্চিত পদপ্রত্যাশীদের আগে থেকেই বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি হলে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের পর এলাকায় আতঙ্ক ও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় নেতারা মধ্যস্থতা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, যুবদলের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ছিল। উভয় পক্ষের কর্মসূচি চলাকালে পুলিশ মাঝখানে অবস্থান নেয়। একপর্যায়ে হঠাৎ দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত তিনি কোনো হতাহতের খবর পাননি।