সারাদেশ

চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, জীবন বাঁচাতে ডাকলেন বাড়ির মালিককে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৪ পিএম

চুরি করতে গিয়ে ভিমরুলের কামড়, জীবন বাঁচাতে ডাকলেন বাড়ির মালিককে
ছবি: সংগৃহীত

বরগুনায় ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের আক্রমণের শিকার হয়েছেন দবির নামে এক যুবক। ভিমরুলের কামড়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর জীবন বাঁচাতে শেষ পর্যন্ত যে বাড়িতে চুরি করতে গিয়েছিলেন, সেই বাড়ির লোকজনকেই ডাকেন তিনি। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

শনিবার (২৯ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার খাড়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে খাড়াকান্দা এলাকার বাসিন্দা বেলালের বাড়ির একটি নারিকেল গাছে ডাব চুরি করতে ওঠেন দবির। গাছে উঠে করাত দিয়ে কয়েকটি ডাব কাটার পর সেগুলো নিচে ফেলেন তিনি। একপর্যায়ে গাছে থাকা একটি ভিমরুলের বাসায় আঘাত লাগলে দলবেঁধে ভিমরুল তাকে আক্রমণ করে।

ভিমরুলের কামড় থেকে বাঁচতে গিয়ে গাছ থেকে নিচে পড়ে যান দবির। এতে তার কোমর ও হাতে গুরুতর আঘাত লাগে। পরে সকালে বাড়ির লোকজনকে ডাকাডাকি করে উদ্ধারের জন্য সাহায্য চান তিনি।

বিষয়টি জানতে পেরে বাড়ির মালিক বেলাল পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছের নিচে পড়ে থাকা দবিরকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাকে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বাড়ির মালিক বেলাল বলেন, ‘সে এলাকার সব গাছের ডাব ও সুপারি নিজের মনে করে। সকালে ঘুম থেকে উঠে তার ডাক শুনে এগিয়ে গিয়ে দেখি, ডাবসহ সে গাছের নিচে পড়ে আছে। এরপর পুলিশে খবর দিই।’

বরগুনা সদর থানার উপপরিদর্শক শামীম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছের নিচে পড়ে থাকা দবিরকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।