সারাদেশ
লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক
পটুয়াখালীর দশমিনায় এক লাখ টাকার বিনিময়ে ১৮ মাস বয়সী নিজের সন্তানকে বিক্রি করে নতুন মডেলের আইফোন কেনার অভিযোগে মারুফ মুন্সি নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটিকে নেওয়া ইমরান হোসেনকেও আটক করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের নিজ বাড়ি থেকে মারুফ মুন্সিকে আটক করা হয়। পরে ইমরান হোসেনকেও আটক করে পুলিশ।
পুলিশ জানায়, তদন্ত ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গলাচিপা উপজেলার চর কাজল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটিকে দশমিনা থানার ভিকটিম সহায়তা কেন্দ্রে পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে। এ সময় শিশু হস্তান্তরের একটি লিখিত চুক্তিপত্রও জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পুরোনো আইফোনের সঙ্গে এক লাখ টাকা দিয়ে নতুন মডেলের আইফোন কিনেছেন মারুফ। শিশুটিকে বিক্রি করে পাওয়া ওই এক লাখ টাকা নতুন ফোন কেনার সময় ব্যবহার করা হয় বলে পুলিশের ধারণা।
পুলিশের তথ্যমতে, শিশুটিকে তার দাদী লালন-পালন করতেন। পারিবারিক কারণে শিশুটির বাবা ঢাকায় এবং মা সাভারে বাবার বাড়িতে থাকতেন। শনিবার বাড়িতে এসে বাজারে ঘুরতে যাওয়ার কথা বলে শিশুটিকে সঙ্গে নিয়ে বের হন মারুফ। পরে ইমরান হোসেনের সঙ্গে এক লাখ টাকার বিনিময়ে লিখিত চুক্তির মাধ্যমে শিশুটিকে হস্তান্তর করেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, ঢাকায় রাজমিস্ত্রির কাজ করার সময় ইমরান হোসেনের সঙ্গে মারুফের পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরেই শিশুটিকে ইমরানের কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, শিশুটিকে বিক্রির বিষয়টি মারুফ তার স্ত্রী ও দাদী কাউকেই জানাননি। উদ্ধার হওয়া শিশুটিকে পরবর্তীতে তার দাদীর কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।