সারাদেশ
ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ফেনীর পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মিল্লাত হোসেন (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আফছার (৩১) নামে আরও একজন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে, উপজেলার গুথুমা বিওপি এলাকার ২১৬৪/৩-এস নম্বর সীমান্ত পিলার সংলগ্ন ভারতীয় অংশে। নিহত মিল্লাত ওই এলাকার ইউছুফ মিয়ার ছেলে এবং আহত আফছার মৃত এয়ার আহম্মদের ছেলে।
জানা গেছে, মিল্লাত ও আফছার সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মিল্লাত চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি বলেন, “বাসপদুয়া সীমান্তটি চোরাকারবারিদের জন্য স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত। বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত এবং একজন আহত হওয়ার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লিখিত প্রতিবাদ জানানো হবে।”