সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫, আহত ৪
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। নিহতরা সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের সুমন (২৯), সদর উপজেলার মৈন্দ গ্রামের লোকমান হোসেন (৩০) ও তুহিন হাসান (২৯), বিজয়নগরের সাতগাঁও গ্রামের আকরাম (২৫) এবং রংপুরের গঙ্গাচড়া থানার খামার মোহনা গ্রামের মনিরুজ্জামান (২১)। পুলিশ ও নিহতদের পরিবার জানায়, সুমন, লোকমান ও তুহিন মোটরসাইকেলে করে বিজয়নগরে ফুটবল খেলা দেখতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল এবং সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।
এ ঘটনায় অটোরিকশায় থাকা চারজন আহত হয়েছেন। আহতরা হলেন– বিজয়নগরের সাগাঁও গ্রামের সবুজ (১৯), ইব্রাহিমপুর গ্রামের আহাদ (২০), চান্দুরা কালিসীমার চালক আলামিন এবং সাতগাঁও গ্রামের ইয়ামিন।
সরাইল খাঁটিহাটা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে। নিহতদের পরিবার কোনো অভিযোগ না করায় এবং আবেদনের ভিত্তিতে লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়রা জানান, বেপরোয়া গতিই এ দুর্ঘটনার মূল কারণ।