সারাদেশ

নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, একই পরিবারের ৭ জন নিহত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৮:৩৬ এএম

নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে, একই পরিবারের ৭ জন নিহত
দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস। ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনের প্রাণহানি ঘটেছে। ওমান প্রবাসী এক স্বজনকে ঢাকায় নিতে গিয়ে ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ এলাকার ওয়াপদা খালে মাইক্রোবাসটি পড়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা সবাই লক্ষ্মীপুরের বাসিন্দা। তারা ঢাকা থেকে ওমানফেরত একজন প্রবাসীকে আনতে গিয়েছিলেন। ফেরার পথে একটি প্রাইভেটকার ও একটি হাইস মাইক্রোবাসযোগে বাড়ি ফিরছিলেন। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে গেলে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনার সময় কয়েকজন গাড়ি থেকে বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা জানান, ভোর রাতে দুর্ঘটনার শব্দ তেমন শোনা যায়নি। পরে খালে একটি গাড়ির আলো দেখে তারা এগিয়ে গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেন।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মনির হোসেন বলেন, “আমরা এখন পর্যন্ত দুটি মরদেহ পেয়েছি। ধারণা করা হচ্ছে, তারা ঘটনাস্থলেই মারা গেছেন। আরও মরদেহ হাসপাতালে আনা হচ্ছে।”

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. লিটন দেওয়ান জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি রেকারের মাধ্যমে খাল থেকে তোলা হয়েছে। ওমানফেরত প্রবাসী জীবিত আছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ করছে হাইওয়ে পুলিশ।