সারাদেশ
চট্টগ্রামে কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ৫
চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে নগরের সিটি গেট এলাকায় মাছবাহী একটি পিকআপভ্যান দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে এ প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস ও মো. সোহাগ (৩২)। তারা সবাই চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার সময় তারা মাছ কিনতে সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম নগরের ফিশারিঘাটের উদ্দেশে যাচ্ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় পিকআপভ্যানে সামনের অংশে তিনজন ও পেছনের খোলা অংশে সাতজন যাত্রী ছিলেন। সিটি গেট এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে গুরুতর আহত সাতজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে আহত চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কলের পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। নগরের আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ বলেন, নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম-কুমিল্লা মহাসড়কের সিটি গেট এলাকা দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। প্রতিদিন ভোরে মাছ, সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাক ও পিকআপের ভিড় থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা মহাসড়কে ভারী যানবাহনের অযথা দাঁড়িয়ে থাকার কারণে দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেছেন।