সারাদেশ
বান্দরবানের রুমায় কিশোরী ধর্ষণের ঘটনায় তিন যুবক গ্রেপ্তার
বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু হেডম্যান পাড়ায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ক্য সাই ওয়াং মারমা, ক্য হ্লা ওয়াং মারমা এবং উ হাই সিং মারমা।
পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার এই তথ্য নিশ্চিত করে জানান, এই ঘটনায় জড়িত বাকি দুই আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত সবাই স্থানীয় মারমা সম্প্রদায়ের সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট ক্য হ্লা ওয়াং, ক্য ওয়াং সাই, চ হাই, উ হাই সিং এবং ক্য সাই ওয়াং নামের পাঁচ যুবক ওই কিশোরীকে প্রথমবার সংঘবদ্ধ ধর্ষণ করে। এরপর ঘটনাটি কাউকে না জানানোর ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে তারা কিশোরীকে ধর্ষণ করতে থাকে।
ঘটনাটি জানাজানি হলে গত ১৯ আগস্ট স্থানীয় মৌজা হেডম্যান মং চ উ মারমা একটি সামাজিক বিচার বসান। ওই বিচারে অভিযুক্তদের ৫০ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসা করা হয়। এ সময় পাড়ার কার্বারি থোয়াইসা মারমা এবং ইউপি সদস্য গংবাসে মারমা উপস্থিত ছিলেন। সামাজিক বিচারের মাধ্যমে এমন মীমাংসার খবর ছড়িয়ে পড়লে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দেয় এবং জনরোষ সৃষ্টি হয়।
সর্বশেষ খবর অনুযায়ী, গ্রেপ্তারকৃত আসামিদের রুমা থানায় নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।