সারাদেশ

চোর আখ্যা দিয়ে ‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে বেঁধে মারধর, একজন নিহত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৬:৫০ পিএম

চোর আখ্যা দিয়ে ‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে বেঁধে মারধর, একজন নিহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে তিন কিশোরকে বেঁধে মারধরের ঘটনায় প্রাণ হারিয়েছে এক কিশোর। গুরুতর আহত অবস্থায় আরও দুই কিশোর হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের অভিযোগ, এটি ছিল পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলা।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২২ আগস্ট) ভোররাতে, ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চেইঙ্গার সেতু এলাকায়।

নিহত কিশোরের নাম মো. রিহান মহিন (১৫)। তিনি স্থানীয় একটি মুদিদোকানির ছেলে ও দোকানের সহকারী হিসেবেও কাজ করতেন। আহত দুই কিশোর হলেন রিহানের দুই বন্ধু মুহাম্মদ মানিক ও মুহাম্মদ রাহাত—তিনজনই একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিনভর তিন কিশোর চট্টগ্রাম নগরীতে ঘুরতে যান। গভীর রাতে বাড়ি ফেরার পথে, ভোর তিনটার দিকে তারা এলাকায় পৌঁছালে সাত-আটজন যুবক তাদের চোর সন্দেহে ধাওয়া করে। কিশোররা দৌড়ে গিয়ে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নিলে সেখান থেকে ধরে এনে চেইঙ্গার সেতুর ওপর রশি দিয়ে বেঁধে নির্মমভাবে মারধর করা হয়। ঘটনাস্থলেই মারা যায় রিহান।

পরবর্তীতে স্থানীয়রা আহত মানিক ও রাহাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

ঘটনাটি তদন্ত করছে ফটিকছড়ি থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, এটি প্রাথমিকভাবে কোনো চুরি সংক্রান্ত গণপিটুনির ঘটনা নয় বলেই মনে হচ্ছে। বরং ব্যক্তিগত বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত হয়ে থাকতে পারে। তিনি বলেন, “তারা সবাই একই গ্রামের, হামলাকারীদের সঙ্গে কোনো পূর্বশত্রুতা থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। নিহত রিহানের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।