সারাদেশ

যাত্রীর ফেলে যাওয়া ১০ ভরি সোনার গয়না ফিরিয়ে দিলেন অটোরিকশা চালক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম

যাত্রীর ফেলে যাওয়া ১০ ভরি সোনার গয়না ফিরিয়ে দিলেন অটোরিকশা চালক
ছবি: সংগৃহীত

সততা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ফেনীর ফুলগাজীর একজন অটোরিকশা চালক। যাত্রীর ভুলে ফেলে যাওয়া ১০ ভরি সোনার গয়না ও কাপড়ভর্তি ব্যাগ ৩ দিন খোঁজাখুঁজির পর প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চালক মাঈন উদ্দিন।

ঘটনাটি ঘটে গত ৩ সেপ্টেম্বর সকালে। ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের ধলিয়া চকবস্তা গ্রাম থেকে এক গৃহবধূ সিএনজি অটোরিকশায় মুন্সীরহাট বাজারে যান। সেখানেই গাড়ি থেকে নামার সময় ভুলে ফেলে যান একটি ব্যাগ, যাতে ছিল সোনার গয়না ও কিছু কাপড়।

চালক মাঈন উদ্দিন ব্যাগটি বাসায় নিয়ে গিয়ে মামাকে বিষয়টি জানান। তার মামা স্পষ্ট নির্দেশ দেন, যেভাবেই হোক ব্যাগটি মালিককে ফেরত দিতে হবে। গৃহবধূর নাম-পরিচয় কিছু না জানলেও মাঈন উদ্দিন হাল ছাড়েননি। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে, বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ করে অবশেষে তিন দিন পর তিনি ওই গৃহবধূকে খুঁজে বের করেন।

৬ সেপ্টেম্বর (শনিবার) রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাঈন উদ্দিন গৃহবধূর হাতে ব্যাগটি ফেরত দেন। ব্যাগে ছিল প্রায় ১০ ভরি সোনার গয়না ও কাপড়চোপড়।

ব্যাগটি ফিরে পেয়ে আবেগাপ্লুত গৃহবধূ বলেন, “সেদিন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলাম। ব্যাগটি ফেলে আসার পর অনেক খুঁজেছি, কিন্তু কোনোভাবেই অটোরিকশাটি খুঁজে পাইনি। আল্লাহর রহমতে, মাঈন উদ্দিন ভাই আমাকে খুঁজে নিয়েই সব ফেরত দিয়েছেন। উনি একজন সত্যিকারের ভালো মানুষ।”

“অন্যের সম্পদ নিয়ে কী করবো?”- বলেন মাঈন উদ্দিন। অটোরিকশাচালক মাঈন উদ্দিনের বাড়ি ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের দুলামিঞা কাজী বাড়িতে।

তিনি বলেন, “আমরা গরিব মানুষ। গাড়ি চালিয়ে যা পাই, তা দিয়েই কষ্ট করে সংসার চালাই। অন্যের জিনিস নিয়ে আমার কোনো লাভ নেই। মালিককে খুঁজে জিনিস ফেরত দিতে পেরে আমি শান্তি পেয়েছি এই শান্তিটাই আমার আসল অর্জন।”