সারাদেশ

মায়ের মৃত্যুর ২২ দিন পর ডাকাতের হাতে নিহত বাবা, অনাথ ২ শিশু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম

মায়ের মৃত্যুর ২২ দিন পর ডাকাতের হাতে নিহত বাবা, অনাথ ২ শিশু
ডাকাতের হামলায় নিহত মাহমুদুল্লাহ (ইনসটে দুই সন্তান)। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ এক ডাকাতি হামলায় প্রাণ হারিয়েছেন এক যুবক। মাত্র ২২ দিন আগে স্ত্রীকে হারানো সেই যুবকের পরিবারে রয়ে গেল দুই অবুঝ শিশু সন্তান এবার তারা পুরোপুরি অনাথ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা মালুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল্লাহ (৩০) কক্সবাজারের উখিয়ার বালুখালীর শিয়ালিয়া পাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি তার স্ত্রী দীর্ঘদিন অসুস্থ থাকার পর চট্টগ্রামের এক হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে শোক কাটতে না কাটতেই আবারও থেমে গেল মাহমুদুল্লাহর জীবন।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে মহাসড়কে রশি টেনে মোটরসাইকেল থামিয়ে দেয় একদল ডাকাত। এরপর আরোহীদের ওপর অতর্কিত হামলা চালায় তারা। মারাত্মক আহত হন মাহমুদুল্লাহ। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

এদিকে স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের এই অংশে রাতে ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। গাড়ি থামিয়ে যাত্রীদের ওপর হামলা, লুটপাট—এসব যেন নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক রাসেল চৌধুরী বলেন, “মাত্র ২২ দিন আগে স্ত্রীকে হারিয়েছেন মাহমুদুল। আজ তিনিও চলে গেলেন। তাদের দুই অবুঝ সন্তান এখন পুরোপুরি অনাথ। জানি না, এই শিশুদের ভবিষ্যৎ কী। আমি রাষ্ট্রের কাছে অনুরোধ জানাই এই এতিম শিশুদের দায়িত্ব সরকার গ্রহণ করুক।”

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, “ঘটনার তদন্ত চলছে। যারা জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”