সারাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ অংশে ২০ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে বুধবার (১ অক্টোবর) সকালে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে কয়েক ঘণ্টা ধরে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
বেলা ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই যানজট তৈরি হয়। আষাড়িচর থেকে সাইনবোর্ড পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের সারি দেখা যায়। দীর্ঘসময় আটকে থাকার কারণে অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছানোর জন্য হেঁটেও যেতে দেখা গেছে।
যাত্রী রাব্বি আহমেদ বলেন, “যানজট মোগড়াপাড়া থেকে সাইনবোর্ড ছাড়িয়ে গেছে। গাড়ি ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় দাঁড়িয়ে আছে।” আরেক যাত্রী সাব্বির হোসেন বলেন, “দীর্ঘ সময় ধরে মদনপুর এলাকায় আটকে আছি। গাড়ি একটুও নড়ছে না। কখন ঢাকায় পৌঁছাতে পারবো তা নিশ্চিত নই।”
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সকালে বৃষ্টির কারণে এবং স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ গাড়ির চাপ থাকায় সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়েছিল। তবে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।