সারাদেশ

খাগড়াছড়ির 'অবরোধ' কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১১:২৫ এএম

খাগড়াছড়ির 'অবরোধ' কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে চারদিন ধরে চলা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে জুম্ম ছাত্র-জনতা। সম্প্রতি এক কিশোরী ধর্ষণের অভিযোগে এলাকার বিক্ষোভ এবং সহিংসতার কারণে অবরোধ পালন করা হয়েছিল, কিন্তু এবার প্রশাসনের আশ্বাস এবং কিছু মানবিক সহায়তার কারণে কর্মসূচি পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকালে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেলের মাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহিদদের ধর্মীয় রীতি অনুসারে পুণ্যকর্ম সম্পাদন, ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের দেওয়া আশ্বাসের ভিত্তিতে তারা অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় গত কয়েকদিনের সহিংসতা নিয়ে ১ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ ও গোয়েন্দা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছিল। আলোচনা শেষে ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। প্রশাসন তাদের দাবি বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছে এবং শহিদ পরিবারের প্রতি নগদ পঞ্চাশ হাজার টাকা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির সদর উপজেলায় মারমা জাতিগোষ্ঠীর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপর থেকে পার্বত্য অঞ্চলে উত্তেজনা এবং বিক্ষোভের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার পর পরই পুলিশের সহায়তায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়। তবে অপর অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ২৫ সেপ্টেম্বর আধাবেলা সড়ক অবরোধ করা হয়।

এরপর ২৭ সেপ্টেম্বর ভোর ৫টায় ‘জুম্ম ছাত্র-জনতা’ আবারও অবরোধ কর্মসূচি শুরু করে, যার ফলে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি, এবং খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ২৮ সেপ্টেম্বর গুইমারায় সংঘটিত সহিংসতায় তিন পাহাড়ি নিহত হন। এ ঘটনায় তদন্তে জেলা প্রশাসন ৫ সদস্যের কমিটি গঠন করেছিল।

চারদিনের অবরোধ শেষে ৩০ সেপ্টেম্বর জুম্ম ছাত্র-জনতা কর্মসূচি ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছিল। এবার প্রশাসনের আশ্বাসে অবরোধ পুরোপুরি প্রত্যাহার করা হলো।