সারাদেশ
বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, চট্টগ্রামে মহাসড়ক অবরোধ
চট্টগ্রামের রাউজান উপজেলায় সড়ক দুর্ঘটনায় হেফাজত নেতা মাওলানা সোহেল চৌধুরী (৫০) নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বুধবার সকাল থেকে হেফাজতের নেতাকর্মীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে রেখেছেন, যার ফলে শত শত গাড়ি আটকা পড়েছে এবং যান চলাচল বন্ধ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন, “হেফাজত নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।”
সূত্রে জানা যায়, দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকেলে নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। মাওলানা সোহেল চৌধুরী মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন, তখন পেছন থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোহেল চৌধুরী জন্মসূত্রে সন্দ্বীপ উপজেলায় হলেও দীর্ঘদিন ধরে তিনি রাউজান পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।