সারাদেশ

১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম ইপিজেডের ভয়াবহ আগুন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৯:৩০ এএম

১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম ইপিজেডের ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট টানা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে সহায়তা করেছে সেনা, নৌ ও বিমান বাহিনীসহ বিজিবি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ইপিজেডের ৫ নম্বর ভবনের একটি কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের জিন হং মেডিকেল নামের আরেকটি কারখানায়। দ্রুত আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দুইটি কারখানাই ব্যাপক ক্ষতির মুখে পড়ে। আগুনের ভয়াবহতায় ভবনটির ছাদের কিছু অংশ ধসে পড়ে, যা উদ্ধার কাজকে জটিল করে তোলে।

দীর্ঘ সময়ের প্রচেষ্টায় শুক্রবার (১৭ অক্টোবর) সকালে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, “আমাদের সদস্যরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। সবচেয়ে ইতিবাচক দিক হলো— আগুন আশেপাশের অন্য কোনো স্থাপনায় ছড়িয়ে পড়েনি। সবাই একসাথে কাজ করায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।”

আগুনের উৎপত্তিস্থল ও কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে ২৫ থেকে ৩০ জনকে নিরাপদে উদ্ধার করা হয় বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।

স্থানীয় প্রশাসন জানায়, উদ্ধার কাজ ও পরিদর্শন শেষ না হওয়া পর্যন্ত ইপিজেডের ওই ভবনে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।