সারাদেশ

চট্টগ্রামে নওফেলের অনুসারী স্বেচ্ছাসেবক লীগ নেতা টুটুল গ্রেপ্তার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১০:৪৩ পিএম

চট্টগ্রামে নওফেলের অনুসারী স্বেচ্ছাসেবক লীগ নেতা টুটুল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকা থেকে অমল কৃষ্ণ নাথ টুটুল (৪৩) নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিদার মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তার টুটুল চকবাজার থানা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় নেতা।”

পুলিশ সূত্রে জানা গেছে, অমল কৃষ্ণ নাথ টুটুল সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল–এর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। তিনি অতীতে ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগের নেতা ছিলেন।

গত জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলনের সময় টুটুলের লাঠি হাতে হামলায় অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ওসি শফিকুল ইসলাম বলেন, “গ্রেপ্তার টুটুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে রবিবার আদালতে সোপর্দ করা হবে।”