সারাদেশ

বসতঘর থেকে ১১ ফুট লম্বা গোখরা ও ১০টি বাচ্চা উদ্ধার, এলাকায় আতঙ্ক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০১:০৫ পিএম

বসতঘর থেকে ১১ ফুট লম্বা গোখরা ও ১০টি বাচ্চা উদ্ধার, এলাকায় আতঙ্ক
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বসতঘর থেকে ১১ ফুট লম্বা বিষধর পদ্ম গোখরা সাপ ও ১০টি গোখরার বাচ্চা উদ্ধার করেছে স্নেক রেসকিউ টিম বাংলাদেশ। হঠাৎ বসতবাড়িতে সাপের বাচ্চা দেখা যাওয়ায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে উপজেলার হিঙ্গুলী ও ধুম ইউনিয়নের দুটি আলাদা স্থানে।

স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য তারেক আজিজ জানান, বিকেলে হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর এলাকার আব্দুল হাকিম মোল্লা বাড়ির দুলালের ঘরে পরিবারের লোকজন সাপের বাচ্চা দেখতে পান। খবর পেয়ে টিম গিয়ে ঘরের ভেতর থেকে ১০টি পদ্ম গোখরার বাচ্চা উদ্ধার করে।

একই দিন সন্ধ্যায় ধুম ইউনিয়নের ইয়ারহাট এলাকার আরেকটি বাড়িতে ইঁদুরের গর্ত থেকে প্রায় ১১ ফুট লম্বা একটি প্রাপ্তবয়স্ক পদ্ম গোখরা উদ্ধার করা হয়।

তারেক আজিজ বলেন, উদ্ধার হওয়া সব সাপই স্নেক রেসকিউ টিমের হেফাজতে রয়েছে এবং শনিবার সকালে পাহাড়ে ছেড়ে দেওয়া হবে।

এদিকে, টানা দুটি স্থানে বিষধর সাপ ও তাদের বাচ্চা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

মিরসরাই উপজেলার হিঙ্গুলী বন বিট কর্মকর্তা জাকির হোসেন বলেন, “বসতঘর থেকে সাপ উদ্ধার হওয়ার বিষয়ে এখনো কেউ আমাকে জানায়নি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।”