সারাদেশ

লকডাউনের প্রভাব পড়েনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১১:৪৬ এএম

লকডাউনের প্রভাব পড়েনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের পূর্ব ঘোষিত আজকের ‘ঢাকা অচল লকডাউন’ কর্মসূচির কোনো প্রভাব পড়েনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে।

বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের কাচপুর সেতু, শিমরাইল, মৌচাক ও সাইনবোর্ড এলাকায় স্বাভাবিক দিনের মতোই যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে অন্যান্য দিনের তুলনায় দূরপাল্লার বাসের সংখ্যা কিছুটা কম ছিল।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, মহাসড়কে ছোট-বড় যানবাহনের চলাচল স্বাভাবিক রয়েছে। অফিসগামী মানুষ ও শ্রমজীবীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন। সকাল পর্যন্ত কোথাও কোনো নাশকতা, অস্থিরতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ফলে লকডাউন কর্মসূচিকে ঘিরে উদ্বেগ থাকলেও বাস্তবে তেমন কোনো প্রভাব দেখা যায়নি।

কর্মস্থলে যাওয়ার পথে দেখা মেলে সরকারি চাকরিজীবী কামাল হোসেন সরকারের। তিনি বলেন, “রাতভর টেলিভিশন ও সামাজিক মাধ্যমে আগুন ও সহিংসতার খবর দেখে সকালে একটু ভয় নিয়েই বের হয়েছিলাম। কিন্তু রাস্তায় এসে দেখি, সব স্বাভাবিক। যানবাহন চলছে, মানুষও স্বাভাবিকভাবে চলাফেরা করছে।”

অটোরিকশা চালক রবিউল মিয়া বলেন, “সকাল থেকেই যাত্রী পাচ্ছি ভালোভাবে। শুনেছি আওয়ামী লীগ হরতাল বা লকডাউন দিয়েছে, কিন্তু রাস্তায় কিছুই টের পাইনি।”

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, “আজকের দিনে মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা কম হলেও সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ। আমাদের টহল কার্যক্রম নিয়মিতভাবে চলছে। জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি।”

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, “জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে জেলায় পাঁচ শতাধিক পুলিশ সদস্য বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে। পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।”

সার্বিকভাবে, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে কার্যত কোনো প্রভাব ফেলেনি। মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করছে, যান চলাচলও নিয়মিত। ফলে আশঙ্কার পরিবর্তে স্বস্তির বার্তাই মিলেছে দিনের শুরুতে।