সারাদেশ
ফেনীতে নিজাম হাজারীর বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা
ফেনী শহরের মাস্টারপাড়া এলাকায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) জেলা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বাগানবাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র–জনতা। সোমবার (১৭ নভেম্বর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের পরই রাতের দিকে বাড়িটিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষুব্ধ ছাত্র–জনতা বাড়ির গেইট এবং দেয়ালের ওপর আগুন ধরিয়ে দেয়। আগেই ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িটিতে নতুন করে কোনো সম্পদের ক্ষতি হয়নি।
বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক ছাত্র সমন্বয়ক মুহায়মিন তাজিম বলেন, “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন লাগানোর ঘটনায় ছাত্র–জনতা ক্ষুব্ধ হয়ে নিজাম হাজারীর বাড়িতে আগুন দেয়। শেখ হাসিনার রায়ের মতোই আমরা ফেনীতে ছাত্র–জনতার ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই।”
ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তার ভাষায়, “গেইটে সামান্য আগুন ছিল। দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।”
গত বছরের ৫ আগস্টও মাস্টারপাড়া এলাকার এই বাড়িটি হামলা-লুটপাট ও অগ্নিসংযোগের পরে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।
এর আগে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেয়। রায়ের পর বগুড়া শহরে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল এবং আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।