সারাদেশ
কক্সবাজারসহ উপকূলীয় এলাকায় ৪.৯ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল মিয়ানমার
কক্সবাজারসহ দেশের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে ৪.৯ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়া, পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়। স্থানীয়রা জানান, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
ঘটনার পর রাত ২টা পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা। আকস্মিক কম্পনে অনেকে ঘুম থেকে জেগে উঠলেও বড় ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েনি।
আন্তর্জাতিক ভূকম্পন নজরদারি সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ভূপৃষ্ঠের নিকটবর্তী অঞ্চল। সীমান্তবর্তী এলাকায় উৎপত্তির কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও এর প্রভাব অনুভূত হয়।
এদিকে ভূমিকম্পের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এখনো কোনো ক্ষয়ক্ষতি বা ঝুঁকির আশঙ্কা নেই বলে জানিয়েছে।